August 18, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে

গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ। নতুন সপ্তাহে সেই বিপর্যয় আরও বাড়বে বই কমবে না। অন্তত এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা প্রায় ছুঁয়ে ফেলেছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে শহর তো বটেই, দক্ষিণবঙ্গ জুড়ে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় প্রতি বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতার একেবারে কাছে তা অবস্থান করছে। এর প্রভাব পড়ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল। গভীর নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের পথে এগোবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই সময়ে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।