বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (Kolkata Airport) রানওয়েতে আচমকা ঢুকে পড়ল একটি পথকুকুর। আর এর জেরে ঘটতে পারত এক মারাত্মক দুর্ঘটনা। তবে এক পাইলটের উপস্থিত বুদ্ধি এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল দুটি বিমানের বহু যাত্রীর প্রাণ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমান ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি রানওয়েতে পৌঁছনোর পর টেক অফের ঠিক আগের মুহূর্তে পাইলটের চোখে পড়ে রানওয়ের উপর একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে। বিপদ বুঝে পাইলট সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। ঠিক সেই সময়েই চেন্নাই থেকে ইন্ডিগোর আরও একটি বিমান কলকাতায় অবতরণের মুখে ছিল। রানওয়েতে কুকুর থাকার খবর পাওয়া মাত্রই এটিসি-র আধিকারিকরা তৎপর হন। দুর্ঘটনার আশঙ্কায় ওই বিমানটিকে কলকাতায় নামার অনুমতি না দিয়ে তৎক্ষণাৎ বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটিসি-র নির্দেশ পেয়ে চেন্নাই থেকে আসা বিমানটি নিরাপদে অণ্ডাল বিমানবন্দরের দিকে রওনা দেয়।

More Stories
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক