August 18, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে

শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে। সোমবার সন্ধ্যায় ‘মেঘভাঙা বৃষ্টি’র সাক্ষী থেকেছেন শহরবাসী। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘণ্টাখানেকের টানা প্রবল বৃষ্টিতে জল থইথই দশা। ফিরতি পথে চূড়ান্ত নাকাল হতে হয় অফিসযাত্রীদের। এই বিপদ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি ভাসতে পারে বৃষ্টিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৎস্যজীবীদের চারদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরি করবে। বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা উত্তর বঙ্গোপসাগরে। এছাড়া মৌসুমী অক্ষরেখা বিকানীরের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর ডালটনগঞ্জ হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়েছে। এই অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ফলায় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।